নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিল্পনগরী মেঘনা ঘাট এলাকায় জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে শংকরের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল।
চিকিৎসক আরো জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে গুরুতর দগ্ধ আরো পাঁচজন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, বুধবার দুপুর ১টার দিকে সোনারগাঁওয়ে পিরোজপুরের মেঘনা ঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।



