রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, ২ লাখ ৫০ হাজার গাছ লাগানো হবে

নগরজুড়ে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
কর্মসূচি উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
কর্মসূচি উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন |নয়া দিগন্ত

নগরজুড়ে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে। আগামী এক বছরে মহানগরীর বিভিন্ন স্থানে ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।

বুধবার (৩ জুন) দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা যায়, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত ও ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ফুল, ফল, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ লাগানোর কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় তালাইমারী থেকে কাটাখালী পর্যন্ত সিটি করপোরেশনের শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠালবাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমান চত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচণ্ডী ফ্লাইওভার থেকে দায়রা পার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন এবং বিসিক ম্যাচ ফ্যাক্টরি থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানো হবে। পাশাপাশি এক থেকে ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্মুক্ত স্থানেও বৃক্ষরোপণ করা হবে।

কর্মসূচির উদ্বোধন শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে এবং নগরবাসীর সহযোগিতায় তা সফল করা হবে।

তিনি নগরবাসীর প্রতি অন্তত একটি করে গাছ লাগানোর এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বাঁচিয়ে রাখাও জরুরি। আসুন, সবাই মিলে রাজশাহীকে আরো সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করি।

রাসিক প্রশাসক আরো জানান, রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা ও পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। এ জন্য সিটি করপোরেশনের পরিবেশ শাখার কর্মীরা দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো: আজিবার রহমান, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেনসহ রাসিকে কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।