পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় পুকুর থেকে ভ্যানচালক মকবুল হোসেন হাজামের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
শনিবার (৭ মার্চ) রাত ১২টার দিকে পুঠিয়া রাজবাড়ি বাজারে শিব মন্দির সংলগ্ন শিব চৌকি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মকবুল হোসেন বারইপাড়া এলাকার কলোনিপাড়ার বাসিন্দা।
জানা গেছে, মাছ চাষি সাকিব ও পুকুর পাহারাদার মোস্তফা লাশটি ভেসে থাকতে দেখে পুঠিয়া থানায় খবর দেন। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের কর্মীরা লাশ উদ্ধার করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। তার চোখ-মুখ ও পেটসহ শরীরের বিভিন্ন অংশ পুকুরের মাছ খেয়ে ফেলেছে বলে জানান তারা।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘রাত ১২টার দিকে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার শরীরের সামনের দিকের অনেক অংশ মাছে খেয়ে ফেলেছে। তাকে হত্যা করে কেউ ফেলে রেখেছে কি-না, বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের পর সবকিছু বোঝা যাবে।’


