সাভারে অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

গ্রেফতারকৃতরা হলেন সাইফুল ইসলাম রানা (৩৬), সাকিব (২০) ও মজিবর রহমান (৪৮)। মামলার আরও দুই আসামি—মেহেদী হাসান (১৬) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি—পলাতক রয়েছেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar

ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়নের আলীনগর এলাকায় দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন সাইফুল ইসলাম রানা (৩৬), সাকিব (২০) ও মজিবর রহমান (৪৮)। মামলার আরো দুই আসামি—মেহেদী হাসান (১৬) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি—পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, আলীনগরের একটি বাড়ির ম্যানেজার মজিবর রহমানের সাথে ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচয় ছিল। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

গত ২২ মে রাতে গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে ঢাকার বাইরে থাকাকালে কয়েকজন ব্যক্তি তার বাসায় প্রবেশ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় একজন বাইরে পাহারায় ছিল এবং অপর একজন পুরো ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনার পর আসামিরা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কাউকে বিষয়টি না জানানোর নির্দেশ দেয়।

পরে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানালে ২৩ মে সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম রানাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে পুলিশ আরো দুজনকে গ্রেফতার করে।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করেন, ঘটনার ভিডিও ধারণকারীসহ দুই আসামি এখনও গ্রেফতার হয়নি। তিনি দ্রুত তাদের গ্রেফতার এবং ভিডিওটি উদ্ধার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, পলাতক আসামিদের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।