পঞ্চগড়ে নিখোঁজের ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

সজীবসহ চারজন যুবক করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানা সজীব গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।

Location :

Boda
উদ্ধার অভিযানে ডুবুরি দল, উৎসুক জনতার ভিড়
উদ্ধার অভিযানে ডুবুরি দল, উৎসুক জনতার ভিড় |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সজীব (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এছাড়া সজীব পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

নিহত সজীব উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকের ছেলে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি বাড়িতে এসেছিলেন। এছাড়া

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজীবসহ চারজন যুবক করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানা সজীব গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। সাথে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান চালায়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর নদী থেকে সজীবের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

স্থানীয়দের অভিযোগ, আউলিয়াঘাট এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানা না থাকায় সজীব সেই গর্তে পড়ে এবং সাঁতার না জানায় আর উঠতে পারেনি।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য নজরুল ইসলাম বলেন, ‘নদীর গভীরে ৩৫-৪০ ফুট গভীরতার বড় বড় গর্ত রয়েছে। যা বালু তোলার কারণে সৃষ্টি হয়েছে। সজীব ওই গভীর গর্তেই আটকে ছিল।’

বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে, দীর্ঘ সময় চেষ্টা করেও লাশ উদ্ধার সম্ভব না হওয়ায় প্রাথমিক উদ্ধার কাজ স্থগিত করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল নদীর গভীরে অনুসন্ধান চালিয়ে লাশ উদ্ধার করে।