আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৭ জেলায় ৩৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করবে সরাইল রিজিওন। এরমধ্যে সিলেট ও শ্রীমঙ্গল সেক্টরের অধীন সিলেট বিভাগে ৯০টি প্লাটুনে দুই হাজার ১০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ইতোমধ্যে সিলেট সেক্টরের অধীনে ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেট সরকারি কলেজ প্রাঙ্গণে বিজিবির সরাইল রিজিওনের আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে সরাইল রিজিওনের অধীনস্থ সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন, পিএসসি বলেন, ‘বিজিবি সদর দফতরের দিক নির্দেশনায় সরাইল রিজিওন দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সরাইল রিজিয়নের এক হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এরমধ্যে সিলেট সেক্টরের অধীনে ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এ সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সব প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।’
কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি থেকে সরাইল রিজিওন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন করবে।’
তিনি আরো বলেন, ‘সরাইল রিজিওনের চারটি সেক্টর ও ১৩টি ব্যাটালিয়ন ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে ৩৩০ প্লাটুন (৬৬০০ জন) বিজিবি মোতায়েন থাকবে। সিলেট বিভাগে সিলেট সেক্টর এবং শ্রীমঙ্গল সেক্টরে সর্বমোট ৯০টি প্লাটুনে দুই হাজার ১০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সিলেট সেক্টরের অধীনে বিজিবি সদস্যরা দু’টি জেলায় ১০টি আসনে অন্য বাহিনীর সাথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এরমধ্যে সীমান্তবর্তী ছয়টি উপজেলায় (সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জকিগঞ্জ) এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি সীমান্তবর্তী আরো পাচঁটি উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে এবং অন্য ১২টি উপজেলায় বিজিবি ও অন্য বাহিনীর সাথে দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির কে-৯ ইউনিটের চারটি কুকুর মোতায়েন থাকবে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা উপজেলাভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন।’
ব্রিফিংয়ে আরো জানানো হয়, সরাইল রিজিওন হতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে ইতোমধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ফলে প্রতিটি সদস্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাগতভাবে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ।
বিজিবি জানায়, সরাইল রিজিওনের দায়িত্বপূর্ণ এলাকার ৯২টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে প্রতিটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইল্যান্স ব্যবস্থা চালু করা হবে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুনভাবে সংযোজিত ৬৫৪টি নন-লেথাল অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও প্রস্তুতি রয়েছে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এপিসিসহ বিজিবির কুইক রেসপন্স ফোর্স সব সময় প্রস্তুত থাকবে।



