সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ২ প্রবাসী নিহত

‘শুক্রবার সন্ধ্যায় জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশে রওয়ানা দেন আমার স্বামী ও তার বন্ধু। একপর্যায়ে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে দু’জনই মারা যান।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশী দুই বন্ধু
সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশী দুই বন্ধু |নয়া দিগন্ত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়ার পর থেকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহত নুরে আলম (৪২) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইদ্রিস মিয়া (৪৩) জেলার চৌদ্দগ্রাম উপজেলা পৌর এলাকার বাসিন্দা। তারা দুই বন্ধু সৌদি আরবের রিয়াদে একসাথে ব্যবসা করতেন।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশে রওয়ানা দেন আমার স্বামী ও তার বন্ধু। একপর্যায়ে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে দু’জনই মারা যান।’

তিনি আরো বলেন, ‘আমার স্বামী আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।’

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু রায়হান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। পরিবার আবেদন করলে লাশ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ রেজা হাসান বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ায় লাশ দেশে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।’