জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনৈতিক আগ্রহের কারণে। যখন স্বৈরশাসন মানুষের ওপর চেপে বসে, তখন ছাত্র-যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার প্রবর্তন করেছে।
মেজর হাফিজ বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে এটাই প্রত্যাশা করছি। পাশাপাশি গণতন্ত্রের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।
বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
স্পিকার বরিশালের তার শৈশবের সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন। এর আগে বরিশাল সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
মতবিনিময়কালে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, ঝালকাঠি জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন, বরিশালের পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।



