নাটোরের সিংড়ায় বাসচাপায় নাদিম কায়সার ওরফে রুবেল হোসেন (৩৮) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নাটোর-বগুড়া মহাসড়ের নিংগইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন পৌর শহরের নিংগইন গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে এবং নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস সিংড়ার নিংগইন এলাকায় রাস্তা পারাপারের সময় ওই ছাত্রদল নেতাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করে বিক্ষুব্ধ জনতা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নিহতের ঘটনা ঘটেছে। ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক বাস আটক রয়েছে।



