অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ৫ ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে পাঁচটি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধভাবে মজুদকরা জ্বালানি কাঠ জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ৫ ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা
লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ৫ ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা |নয়া দিগন্ত

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে পাঁচটি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধভাবে মজুদকরা জ্বালানি কাঠ জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাদারীপুর জেলা পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট মো: এলিয়াম হোসেন অবৈধ ইটভার বিরুদ্ধে অভিযান চালিয়ে এ আদেশ দেন।

অভিযানকালে বেশ কয়েকটি ইটভাটায় পরিবেশবিধি লঙ্ঘন, লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকা এবং কাঠ পোড়ানোর মতো অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে পাঁচটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেন আদালত।

মামলার আওতায় থাকা ইটভাটাগুলো হলো: জেএসবি ব্রিকস, এমআরকে ব্রিকস, আমেনা কন্সট্রাকশন (আশফাক ব্রিকস), আনোয়ার খান ব্রিকস ও একেবি ব্রিকস।

অভিযান সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত)-এর ১৫ ধারার অধীন আট নম্বর সারণি এবং ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইনের ১৪ ও ১৬ ধারায় অপরাধ আমলে নিয়ে এসব মামলা করা হয়েছে। অভিযুক্তদের আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে হবে এবং আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া পরিচালিত হবে।

এছাড়াও অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ভাটাগুলোতে মজুদ থাকা জ্বালানি কাঠ জব্দ করার আদেশ প্রদান করা হয়েছে।

অভিযানকালে মাদারীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আল-মামুন, নাজির মোহাম্মদ শহিদুল ইসলাম, বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামানসহ র‍্যাব, পুলিশ ও আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।