নবনির্বাচিত শরীফুল আলম

কোনো জুলুমবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি চলবে না

মানুষের ওপর জুলুম-অত্যাচার করে ক্ষমতার অপব্যবহার ও অহংকার করা আল্লাহ পছন্দ করেন না।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়
নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি প্রার্থী মো: শরীফুল আলম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলিয়ারচরের বেতিয়ারকান্দি প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এ কথা।

বিপুল ভোটে জয়ী হওয়ার পর প্রথম বক্তব্যে শরীফুল আলম বলেন, ‘মানুষের ওপর জুলুম-অত্যাচার করে ক্ষমতার অপব্যবহার ও অহংকার করা আল্লাহ পছন্দ করেন না, আমিও তা পছন্দ করি না। আমি কেবল দলের ভোটে নয়, বরং সর্বস্তরের মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েছি।’

তিনি নেতাকর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেন।

মাদকমুক্ত ভৈরব-কুলিয়ারচর গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, ‘ভৈরব ও কুলিয়ারচরে কোনো মাদক ব্যবসা থাকতে দেব না। যারা এই অন্ধকার জগতের সাথে যুক্ত, তারা এখনই এগুলো ছেড়ে দিন। আপনারা সৎ পথে আসুন, আমি আপনাদের কর্মসংস্থানে সহযোগিতা করব।’

অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

নির্বাচনের আগে নিজের দেয়া প্রতিশ্রুতি স্মরণ করে তিনি বলেন, ‘আমি আমার নেতাকে বলেছিলাম ‘গোল্ডেন এ প্লাস’ পেয়ে পাস করব। আজ আমি দেশের সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হয়েছি।’

কিশোরগঞ্জ-৬ আসনে মোট নয়জন প্রার্থীর মধ্যে শরীফুল আলম এক লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে বাজিমাত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন পেয়েছেন মাত্র ৪৪ হাজার ৯৫ ভোট। প্রায় এক লাখ ৪৩ হাজারেরও বেশি ভোটের এই ব্যবধান সারাদেশের মধ্যে সর্বোচ্চ হিসেবে আলোচিত হচ্ছে।