দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রভাবশালী প্রার্থীদের বাড়ির কাছাকাছি অবস্থিত কেন্দ্র এবং অতীতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এমন এলাকাগুলোতেও বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরের ম্যাপ
দিনাজপুরের ম্যাপ |ফাইল ছবি

দিনাজপুরের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বশেষ তথ্যমতে, জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ ৬৪ শতাংশ কেন্দ্র ঝুঁকির মধ্যে আছে। এসব কেন্দ্রের মধ্যে ২৫৭টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা পুলিশের ডিআইও-১ শহীদুল ইসলাম জানান, বিশেষ করে যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা অত্যাধিক, সীমানা প্রাচীর নেই কিংবা যে কেন্দ্রগুলো সীমান্ত সংলগ্ন ও দুর্গম সেগুলোই এখন নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও প্রভাবশালী প্রার্থীদের বাড়ির কাছাকাছি অবস্থিত কেন্দ্র এবং অতীতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এমন এলাকাগুলোতেও বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

ডিএসবি কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৫৭টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রের মধ্যে রয়েছে, দিনাজপুর-১ আসনে বীরগঞ্জ ও কাহারোল উপজেলায ১২৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৬টি, দিনাজপুর-৬ আসনে বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় ১৯৯টি মধ্যে ৬৬টি, দিনাজপুর-৫ আসন পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার ১৪১টি কেন্দ্রের মধ্যে ৪৬টি, দিনাজপুর-৪ আসনে খানসামা ও চিরিরবন্দর উপজেলায় ১৩০টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫টি, দিনাজপুর-২ আসনে বোচাগঞ্জ ও বিরল উপজেলায় ১১৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২২টি ও দিনাজপুর-৩ আসন সদর উপজেলায় ১৩০টি কেন্দ্রের মধ্যে ১২টি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।