মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যমান জ্বালানি সঙ্কট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘ফুয়েল কার্ডের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, সরকারি দফতর, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বিদ্যুৎ বিভাগ, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ব্যাংকসমূহ নির্ধারিত মূল্যে তেল ও পেট্রোল সংগ্রহ করতে পারবে। একইসাথে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেয়া হবে। এই ব্যবস্থা অবৈধ মজুদ রোধ করবে এবং স্বচ্ছ বিতরণ নিশ্চিত করবে।’
প্রাথমিক পর্যায়ে জরুরি সেবা ও উন্নয়ন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সরকারি দফতর এবং অন্য প্রতিষ্ঠানগুলোকে ফুয়েল কার্ড দেয়া হবে।
এছাড়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছে দেয়া হবে।
ফুয়েল কার্ড সকলের জন্য আগামী রোববার ও সোমবার থেকে উন্মুক্ত করা হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো ফুয়েল কার্ড দেয়া হবে না।
কার্ড সংগ্রহের জন্য আবেদনকারীদের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা পরিষদে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। ফুয়েল কার্ড স্বহস্তে পূরণ করতে হবে।
প্রশাসন জানিয়েছে, ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কার্ড ছাড়া কোনোভাবেই জ্বালানি তেল সরবরাহ করা হবে না। তবে, ফুয়েল কার্ড বিতরণ শেষ না হওয়া পর্যন্ত বৈধ লাইসেন্সধারীগণ স্বাভাবিক নিয়মে তেল সংগ্রহ করতে পারবেন।



