নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আনারস বোঝাই পিকআপ ভ্যানের উল্টে দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুর্দী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মরহুম সেকান্দার আলী মাঝির ছেলে পিকআপ ভ্যানচালক মোহাম্মদ আলী (৩৫) ও খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে ব্যবসায়ী মো: মনির খলিফা (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে আনারস বোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকায় যাচ্ছিল। পথে সোনারগাঁওয়ে টিপরদী এলাকা অতিক্রমের সময় সামনে থাকা একটি অজ্ঞাতপরিচয় গাড়ি হঠাৎ ব্রেক করলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির পেছনে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপটি উল্টে গিয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে থাকা চালক ও মালিক গুরুতর আহত হয়ে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামিম শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



