সোনারগাঁওয়ে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো: ফারুক (৪১) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

নিহত ফারুকের বাড়ি ফেনী জেলায়। তিনি মেঘনা এলাকায় ভাড়া থাকেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ফারুক তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

ওসি শামীম শেখ জানান, ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।