নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদী থেকে নিখোঁজ হওয়ার পর বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী সীমার (১৪) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ইচাখালির চর এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সহায়তায় এ লাশ উদ্ধার করা হয়।
মৃত সিমা লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ মিয়ার মেয়ে। সে নানী বাড়ি ঘাঘা গ্রামে নানীর সাথে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ৩টার দিকে লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতী নদীতে তার নানির সাথে গোসল করতে নেমে তীব্র স্রোতের কারণে নিখোঁজ হন সীমা। এরপর থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চালাচ্ছিলেন। অবশেষে আজ নিখোঁজের দুই দিন পর ইচাখালির চরে তার লাশ ভেসে ওঠে।
কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার শেখ শাহ আলম বলেন, ‘অনেক খুঁজাখুঁজির পর আজ সকাল ১১টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী সিমার লাশ ইচাখালী চর থেকে উদ্ধার করা হয়েছে।’



