রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ মাহিম মিয়া (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে।
নিহতের দুলাভাই মোহাম্মদ রাফি বলেন, ‘গত রাতে কাজলা স্কুল গলি এলাকায় মাহিমকে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আমরা খবর পেয়ে মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারব না।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



