টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক আহত

বিস্ফোরণে আহত অনেকের শরীরের ১৮ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর আহত অনেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরের ম্যাপ
গাজীপুরের ম্যাপ |ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে নির্বাচনী মিছিলের প্রস্তুতির সময় দলীয় কার্যালয়ের সামনে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর হোন্ডা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল আজিজ (৩০), রমজান (১৫), হৃদয় (১৯), মারুফ (২১), আকাশ (২১), হাসমত আলী (৫৪), মারুফ (১৭), সিয়াম (১৬), রাব্বি (১৪), রুবেল (৩৪), মোস্তাকিম (১৪), ইমরানসহ (২০) কমপক্ষে অর্ধশতাধিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পূর্ব-নির্ধারিত নির্বাচনী গণমিছিলে অংশ নিতে টঙ্গীবাজার বাটাগটে এলাকায় নেতাকর্মীরা জড়ো হন। এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে হোন্ডা রোডের মাথায় বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মুহূর্তেই আগুন ও তাপে আশপাশে অবস্থানরতদের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা: নাফিয়া শারমিন জানান, বিস্ফোরণে আহত অনেকের শরীরের ১৮ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর আহত অনেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।