সৌদি আরবের নাজরান শহরে সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামে নোয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় একই এলাকার আরো দুই প্রবাসী যুবক গুরুতর আহত হন।
সোমবার (২০ এপ্রিল) রাতে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফরহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা গ্রামের চান্দু সওদাগর বাড়ির চান মিয়ার ছেলে। আহত মো: জুয়েল (২৮) ও মো: নুর হোসেন (৩২) একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে সৌদি আরবে যান ফরহাদ। পরে তিনি একই এলাকার নুর হোসেনকে সেখানে নিয়ে যান। সম্প্রতি নুর হোসেনকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে নাজরান এলাকায় একটি লরির সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ফরহাদসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত দুইজন বর্তমানে সে দেশের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা যায়।
ইউপি চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু বলেন, ফরহাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।



