টেকনাফে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ‘ডন রাসেল’ আটক

বিদেশী পিস্তল, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক মো: রাসেল (৩৬) ওরফে ‘ডন রাসেল’ টেকনাফের সিকদার পাড়া এলাকার বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদক
আটক মো: রাসেল ওরফে ‘ডন রাসেল’
আটক মো: রাসেল ওরফে ‘ডন রাসেল’ |নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো: রাসেল (৩৬) ওরফে ‘ডন রাসেল’ নামে একজনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টার দিকে টেকনাফ থানাধীন সিকদার পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি ৭.৬৫ মিমি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গোলা এবং তিনটি দেশীয় অস্ত্রসহ রাসেলকে আটক করা হয়। আটক রাসেল টেকনাফের সিকদার পাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এলাকায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করা ছিল তার নিত্যদিনের কাজ। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার, মাদক ও অস্ত্র মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। এর আগেও বিপুল পরিমাণ ইয়াবাসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।

টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, জব্দকৃত অস্ত্র ও আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।