ঝালকাঠির নলছিটিতে ছেলের নির্যাতনে ঘরছাড়া হওয়ার অভিযোগ করেছেন হাজেরা বিবি (৮৫) নামে এক বৃদ্ধা মা। এ ঘটনায় তিনি নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শীতলপাড়া এলাকার বাসিন্দা হাজেরা বিবির স্বামী সোবাহান হাওলাদার প্রায় ১৭ বছর আগে মারা যান। এরপর থেকে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। তাদের দুই ছেলে ও চার মেয়ে সন্তান রয়েছে। মেয়েদের বিয়ে দেয়া হয়েছে। ছেলেরা বাবার সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বৃদ্ধা হাজেরা বিবি বলেন, আমার ছোট ছেলে মো: খলিল হাওলাদার (৩৫) দীর্ঘদিন ধরে আমাকে ঘর থেকে বের করে দেয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে।
গত ১০ এপ্রিল রাত ১০টার দিকে ছেলে খলিল হাওলাদার তাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানায়, বৃদ্ধা হাজেরা বিবিকে দুই ছেলের কেউই আর দেখভাল করতে চায় না। গত কয়েকদিন আগে তাকে রাতে ঘর থেকে বের করে দিয়েছে। বর্তমানে অসহায় অবস্থায় থাকা হাজেরা বিবি তার স্বামীর ঘরে বসবাসের অধিকার নিশ্চিত করতে থানায় অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপ-পরিদর্শক মো: নাজমুল হুদা বলেন, আমি অভিযোগ পাওয়ার পরে বৃদ্ধা হাজেরা বিবিকে নিয়ে তাদের বাড়িতে গেলে তার দুই ছেলের কেউই দরজা খোলেনি। মায়ের জন্য ছেলেদের কেউ সুবিধাজনক বলে মনে হচ্ছে না। ছেলেরা আগামী শুক্রবার এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করবে বলে থানায় এসে জানিয়েছে।



