সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরো ১ শিশুর, মৃত্যু বেড়ে ৬৩

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স ও বাকি ৬২ জন শিশু। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা
হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা |নয়া দিগন্ত

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

বৃহস্পতিবার (৪ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১১ মাস বয়সী শিশু রাফসান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৭৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স ও বাকি ৬২ জন শিশু।

এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে। এদিকে বিভাগে এখন পর্যন্ত ১৬৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৮৬ জন সুনামগঞ্জ জেলায়, সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারে রয়েছে ১৬ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক ২৭৬ রোগীর মধ্যে সর্বোচ্চ ১০১ জন ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯০ জন, উইমেন্স মেডিক্যাল হাসপাতালে একজন, রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১৪ জন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট হাসপাতালে ১২ জন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে আটজন, আল হারামাইন হাসপাতালে একজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন শিশু ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের হাম উপসর্গে মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।