রাজৈরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

শুক্রবার সকালে বাড়ির পাশের রসুন ক্ষেতে রসুন টোকাইতে যায় আমার স্ত্রী। এ সময় একা পেয়ে তরিকুল ইসলাম আমার স্ত্রীর সাথে বাজে কাজ করার চেষ্টা করে।

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
গ্রেফতার আসামি তরিকুল ইসলাম
গ্রেফতার আসামি তরিকুল ইসলাম |নয়া দিগন্ত

মাদারীপুরের রাজৈরের আলোচিত গৃহবধূ ঝুনু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।

রোববার (৫ এপ্রিল) কুষ্টিয়া সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত গৃহবধূ ঝুনু বেগম (৩৯) উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামের অটোকচালক মিজানুর শেখের স্ত্রী। তার তিন কন্যাসন্তান রয়েছে। এবং গ্রেফতার আসামি তরিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে।

এর আগে, গত শুক্রবার (৩ এপ্রিল) সকালে এই হত্যার ঘটনা ঘটে। পরে বাড়ির পাশের রসুন ক্ষেতে লুকানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

রোববার দুপুরে নিহতের স্বামী মিজানুর শেখ জানান, গত শুক্রবার সকালে বাড়ির পাশের রসুন ক্ষেতে রসুন টোকাইতে যায় আমার স্ত্রী। এ সময় একা পেয়ে তরিকুল ইসলাম আমার স্ত্রীর সাথে বাজে কাজ করার চেষ্টা করে। এতে আমার স্ত্রী বাধা দিলে ‍দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আমার স্ত্রী ঝুনু বেগমকে ঘার মটকে হত্যা করে তরিকুল। আমি এর বিচার চাই। আমি অভিযুক্তদের ফাঁসি চাই।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: আমিনুল ইসলাম জানান, ঝুনু হত্যার ঘটনায় মামলা রুজু হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই র‍্যাবের সহায়তায় কুষ্টিয়া সদর থেকে মামলার প্রধান আসামি তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।