দেবিদ্বারে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত

বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাঙ্গরা বাজার এলাকার গাজীর হাট গ্রামের রওশন আরা (৩২) ও তার ছেলে ইয়ামিন (৬)। আহতরা হলেন— নিহত ইয়ামিনের নানা তাজুল ইসলাম, নানি মনোয়ারা বেগম ও সিএনজি চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রওশন আরা ও তার ছেলে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।