মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের লাশ উদ্ধার

‘সোমবার সকালে আমার ভাতিজা এসে বাইরে থেকে চেম্বারের দরজা বন্ধ পান। পরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন ভাইয়া নিচে পড়ে রয়েছে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
নিহত দন্ত চিকিৎসক মো: রেজাউল করিম গোলাপ
নিহত দন্ত চিকিৎসক মো: রেজাউল করিম গোলাপ |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের চেম্বার থেকে মো: রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে উপজেলার জোরারগঞ্জ বাজারের জোসনা ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটেছে।

নিহত রেজাউল করিম দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর দরবেশ আলী ভূঁইয়া বাড়ির মরহুম মাওলানা অলি আহম্মদের বড় ছেলে। তিনি মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই।

নিহতের ছোট ভাই মোহাম্মদ ইউসুফ বলেন, ‘জোরারগঞ্জ বাজারে জোসনা ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। আমার ভাই অনেক সময় রাত হয়ে গেলে গাড়ি সঙ্কটের কারণে চেম্বারেই রাত্রীযাপন করতেন। তিনি পরিবার নিয়ে শহরে বাসায় থাকতেন। সোমবার সকালে আমার ভাতিজা এসে বাইরে থেকে চেম্বারের দরজা বন্ধ পান। পরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন ভাইয়া নিচে পড়ে রয়েছে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছে স্ট্রোক করে মৃত্যু হতে পারে। তিন মাস আগে কাতারে আমার আরেক ভাই একটি কক্ষে দম বন্ধ হয়ে মারা যায়। সে ভাইয়ের শোক ভুলে যাওয়ার আগে আরেক ভাই চলে গেল। মারা যাওয়া দুই ভাই আপন দুই বোনকে বিয়ে করেছেন। উনারা ভায়রা ভাইও। আমার দুই ভাবি বিধবা হলো, সন্তানেরা এতিম হয়ে গেল।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মেহের নিগার মুনমন বলেন, ‘আজ সকালে রেজাউল করিম নামে একজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই। দন্ত চিকিৎসক রেজাউল করিমের মাথার পেছনে ও কপালের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমাদের কাছে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। তাই লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।’