মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মোহনগঞ্জে হোমিও ওষুধের আড়ালে প্রায় এক যুগ ধরে মাদকের কারবার করছেন বকুল চন্দ্র সরকার (৪৫)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে ২৮৬ বোতল মাদকের একটি চালানসহ তাকে গ্রেফতার করে।
বকুল ওই উপজেলা বাজারের তুলা পট্টিতে নামদারী হোমিওপ্যাথিক চিকিৎসক।
সূত্র জানায়, শনিবার মোহনগঞ্জ থানা পুলিশ ও নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে ২৮৬ বোতল মাদকের একটি চালানসহ বকুলকে গ্রেফতার করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নিয়ে গেছে। এ সময় মাদকের চালান বহনকারী টাঙ্গাইল ট্রান্সপোর্ট অ্যাজেন্সির ম্যানেজার মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট অ্যাজেন্সির পরিচালক দেওথান গ্রামের মো: আবুবকর ছিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বারহাট্টার সদরপুর গ্রামের মো: সুজাত মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক তার পার্শ্ববর্তী ব্যবসায়ীর তথ্য মতে জানা যায়, দীর্ঘ এক যুগের ওপরে মাদকের কারবার করে আসছেন বকুল। তিনি একা নয় আরো অনেকেই রয়েছেন এই কারবারে জড়িত। তার পেছনে প্রভাবশালী ব্যক্তি থাকায় তুলা পট্টির অন্য দোকানদাররা এ ব্যাপারে তাকে কিছু বলার সাহস দেখাতে পারেনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুল ইসলাম হারুন জানান, মাদকের বোতলে হোমিওপ্যাথি ওষুধের লেভেল লাগিয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে আসছেন বকুল সরকার। তবে এর সাথে আরো অনেকেই থাকতে পারে। তদন্ত শেষে কারো সম্পৃক্ততা পেলে আইনের আওতায় আনা হবে।



