কাপাসিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি মিছিলে যোগ দিয়ে যুবদল নেতার মৃত্যু

মোস্তাক আহমেদের নেতৃত্বে টোক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ চত্বরে জড়ো হয়। মিছিল শুরুর আগেই বেলা সাড়ে ১১টার দিকে মোস্তাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
মোস্তাক আহমেদ
মোস্তাক আহমেদ |নয়া দিগন্ত

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির মিছিলে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের শহীদ তাজউদ্দিন আহমেদ চত্বরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যুবদল নেতা মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের মরহুম হোসেন আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও পরিহন ব্যবসায়ী।

কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু জানান, কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন দিবস পালন উপলক্ষে মিছিলের আয়োজন করা হয়। মোস্তাক আহমেদের নেতৃত্বে টোক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ চত্বরে জড়ো হয়। মিছিল শুরুর আগেই বেলা সাড়ে ১১টার দিকে মোস্তাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, মোস্তাক আহমেদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার সহযোগীরা।

যুবদল নেতা মোস্তাক আহমেদের মৃত্যুতে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।