ঈদ শেষে ঢাকামুখী ট্রেনে মানুষের ঢল, ঝুঁকিপূর্ণ যাত্রা

ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে শত শত যাত্রী ছাদে উঠে বসেছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ট্রেনে ছাদে ও দরজার বাইরে ঝুলে আছেন যাত্রীরা
ট্রেনে ছাদে ও দরজার বাইরে ঝুলে আছেন যাত্রীরা |নয়া দিগন্ত

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে ট্রেনে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ। ময়মনসিংহ জংশন হয়ে চলাচলকারী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে দেখা গেছে প্রচণ্ড ভিড়। যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ছাদ, দরজা ও বগির বাইরের অংশে ঝুলেও যাচ্ছেন।

শ‌নিবার (২৮ মার্চ) বি‌কে‌লে ময়মন‌সিংহ স্টেশ‌নের অদূ‌রে দেখা যায়, ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে শত শত যাত্রী ছাদে উঠে বসেছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

যাত্রীদের অভিযোগ, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে ট্রেনই সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলেও পর্যাপ্ত বগি ও ট্রেন না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে যাত্রা করতে হচ্ছে। টিকেট বা যাতায়াত সঙ্কট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ের কর্মকর্তা শা‌হিনুল ইসলাম বলেন, ‘ঈদের পর যাত্রীচাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়। আমরা অতিরিক্ত বগি সংযোজন ও বিশেষ ট্রেন চালুর চেষ্টা করছি। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ছাদে বা ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ না করার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে।’

ময়মন‌সিংহ স্টেশন প্লাটফরম সুপারিন্টেন্ডেন্ট হারুন অর র‌শিদ জানান, ‘নিরাপদ যাত্রা নিশ্চিত করতে স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবুও অতিরিক্ত যাত্রীর চাপে অনেক ক্ষেত্রে যাত্রীরা নিয়ম মেনে চলছেন না, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’