আলমডাঙ্গায় লাইসেন্স ব্যতিত আইসক্রিম তৈরি ও সংরক্ষণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৩ মে) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির সময় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকির সময় অননুমোদিত রঙ
ও ফ্লেভার ব্যবহার, লাইসেন্স ছাড়া আইসক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণন করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় লোটাস সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক সাজেদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাতটি ফ্রিজে অননুমোদিত রঙ ও ফ্লেভার দিয়ে তৈরি আইসক্রিম জব্দ এবং জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ সময় লাইসেন্স নেয়ার আগ পর্যন্ত কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়। এছাড়া মুন্সীগঞ্জ বাজারে তেলের ডিলারে দোকান তদারকি করা হয়। এসময় মানসম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তা সজীব পাল, কনজ্যুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল অংশ নেয়। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।


