নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল বিদেশী মদসহ রাজীব ভৌমিক (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: মুহিত কবীর সেরনিয়াবাত।
এর আগে, মঙ্গলবার উপজেলার বসুরহাট পৌরসভার ও চরহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজীব উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ছোট যোগী বাড়ির বিকাশ ভৌমিকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার বসুরহাট পৌরসভা ও চরহাজারী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩৬৭ পিস বিদেশি মদ জব্দ করা হয়। রাজীব ভৌমিকসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ রেখে খুচরা মূল্যে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। অভিযানে তাকে হাতে নাতে আটক করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।



