মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে ইউনিয়ন আমির ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) সাভার পৌরসভার একটি অডিটোরিয়ামে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে।’
তিনি উল্লেখ করেন, জনগণের দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের সংগ্রাম চলবে। সংসদের ভেতরে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাইরে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে দল কাজ করবে বলেও তিনি জানান।
মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করা হলে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়তে পারে। তিনি সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত গণভোটের রায় কার্যকর করার দাবি জানিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
শিক্ষাশিবিরে নেতৃবৃন্দ সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষাশিবিরে বক্তারা বলেন, সমাজে নেতৃত্বের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে, নৈতিক চরিত্র উন্নত করতে হবে এবং জ্ঞানার্জনের জন্য পড়াশোনার বিকল্প নেই। পাশাপাশি এলাকাভিত্তিক দাওয়াতি কার্যক্রম জোরদার করা, ভোটকেন্দ্র কমিটিকে দাওয়াতি ইউনিটে রূপান্তর করা এবং আগামী ছয় মাসের মধ্যে তৃণমূল সংগঠনকে পূর্ণাঙ্গ ইউনিটে পরিণত করার নির্দেশনা দেয়া হয়।
সভায় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় জেলা নায়েবে আমির মাওলানা মো: আব্দুর রউফ, অধ্যক্ষ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন, উপাধ্যক্ষ শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, শিক্ষা সম্পাদক তৌহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



