মাদারীপুরে মাদক ও বিভিন্ন সরঞ্জামসহ আটক ৪

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
উদ্ধারকৃত মালামাল ও আটকরা
উদ্ধারকৃত মালামাল ও আটকরা |নয়া দিগন্ত

মাদারীপুরে সেনাবাহিনীর একটি মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করা হয়েছে। ‎এ সময় ৫৩০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে মেজর মেরাজ আল মামুন ও ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম সারজিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

‎আটকরা হলেন- সদর উপজেলার আমিরাবাদের মো: তাজুল বেপারীর ছেলে মো: দীপু বেপারী, পূর্ব রাস্তির গ্রামের জাকির খানের ছেলে মো: সাগর খান, লক্ষীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে মো: ফোরকান সরদার ও হাজরাপুর গ্রামের মো: টুকু খানের ছেলে মো: রানা খান। তারা জেলার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও চোর চক্রের সদস্য।

অভিযানে ‎তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে একটি মেটাল ডিটেক্টর, দু’টি বাইনোকুলার, একটি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চ লাইট, তিনটি অটোমেটিক চাকু, দু’টি চাপাতি, একটি কুড়াল, একটি টেলিফোন সেট, চারটি ট্যাব, ১১টি বাটন ফোন, একটি হাত দা, পাঁচটি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, একটি সিসি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, দু’টি হাতুড়ি ও চারটি সাউন্ড বক্স রয়েছে। ‎

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটকদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।