নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে একজন বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে কুমারডাঙ্গা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
মারপিটের শিকার রাসেল শেখ (৪৪) কুমারডাঙ্গা গ্রামের ইনসান শেখের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। তার বড় ভাই পলাশ মেম্বর ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে ওই গ্রামের আবু মেম্বরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠিসোঠা নিয়ে রাসেলের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে হামলার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



