যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় কেটে অবৈধ ভাবে মাটি ও বালু বিক্রির অপরাধে দুলাল হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
অভিযুক্ত দুলাল হোসেন উপজেলার নিয়ামতপুর গ্রামের মরহুম চকম আলীর ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে
অভিযুক্ত ব্যক্তি কপোতাক্ষ নদের পাড়ের মাটি ও বালু কেটে বিক্রি করছিলেন। এতে স্থানীয়দের নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং নদের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
অভিযানকালে পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর
রহমান লাল, উপজেলা ভুমি অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় কেটে মাটি বিক্রি করে কিছু ব্যক্তি অবৈধ অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন, যা বন্যা ও নদ ক্ষয়ের ঝুঁকি বাড়াচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় এ অপরাধে এ জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ কর্মকান্ত প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।



