ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, তারা বাংলাদেশের রাজনীতিতে দেউলিয়ায় পরিণত হয়েছে।
শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ ও মাসব্যাপী বৃক্ষ রোপণ এবং বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘আমাদের কর্মকাণ্ড হচ্ছে- আমরা যেন জনপ্রিয়তা আরো বাড়াতে পারি, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি, সেই লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব।’
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বাসস



