জামালপুরে পুলিশের পৃথক দু’টি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জামালপুর আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতাররা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর গ্রামের ফটিক শিকদারের ছেলে সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নাবের ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১), বনপাড়ার মুকুল মিয়ার ছেলে মো: মুন্না (৩২), মরহুম আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০) ও মরহুম আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২)।
জামালপুর ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় প্রথম অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় এক হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ সাইদুরকে গ্রেফতার করা হয়। একই রাতেই শেরপুর-জামালপুর সেতু সংলগ্ন ছনকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করা হয়।
জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।’



