গাজীপুর মহানগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে পৃথক দুই স্থানে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য একযোগে কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেছেন, যার মধ্য দিয়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) নগরীর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ সালনা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য নজুরুল ইসলাম করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম-রুবেলা একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ; গর্ভের প্রথম তিন মাসে আক্রান্ত হলে অনাগত শিশুর গুরুতর জটিলতা এমনকি গর্ভপাতের আশঙ্কা তৈরি হয়। তাই এ রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে সিটি করপোরেশন এলাকায় পাঁচটি স্থায়ী কেন্দ্র, ১২৪টি অস্থায়ী কেন্দ্র ও পাঁচটি মপ-আপ টিম কাজ করছে। পাশাপাশি কর্মজীবী মায়েদের সুবিধার্থে বিশেষ সান্ধ্যকালীন টিকাদান ব্যবস্থাও রাখা হয়েছে। এ উদ্যোগের আওতায় সিটি করপোরেশনের পাঁচটি অঞ্চলে মোট এক লাখ ৭৬ হাজার ১৩১ জন শিশুকে টিকা প্রদান করা হবে। এছাড়া কোনাবাড়ি, কাশিমপুর ও কাউলতিয়া এলাকায় আরো ৮১ হাজার ৭৭১ জন শিশুকে সিভিল সার্জনের তত্ত্বাবধানে টিকা দেয়া হবে।
স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করে হাম-রুবেলা মুক্ত গাজীপুর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার জন্য।
জয়দেবপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। এতে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।
অপরদিকে দক্ষিণ সালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিছ, ভিপি জয়নাল আবেদীন তালুকদারসহ রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।



