মাদারীপুরে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাস্তি ব্রিজ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে একটি চোরাই অটোরিকশাসহ চোর চক্রের অন্যতম দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
গ্রেফতার চোররা
গ্রেফতার চোররা |নয়া দিগন্ত

মাদারীপুরে বিভিন্ন ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে শহরের পুরানবাজার রাস্তি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকার বেলায়েত কবিরাজের ছেলে মো: পলাশ কবিরাজ (৩০) ও তার সহযোগি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মামুদপুর এলাকার মরহুম নূরুল ইসলামের ছেলে মো: খাইরুল ইসলাম (২৮)।

গোয়েন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চুরি ঘটনা ঘটছে। এ ছাড়াও এসব তিন চাকার যান থেকে ব্যাটারি চুরি করে করে অন্য জেলায় বিক্রি করছে অসাধু একটি চোরচক্র। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে রাস্তি ব্রিজ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে একটি চোরাই অটোরিকশাসহ চোর চক্রের অন্যতম দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ চোরচক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ছাড়াও চোর, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’