নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ছয় হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় দু’টি নৌকাসহ চারজনকে আটক করা হয়।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একইদিন ভোরে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
আটকরা হলেন— নলচিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মরহুম মোশাররফ হোসেনের ছেলে মো: মিলন (২২), মরহুম মোহাম্মদ কবির উদ্দিনের ছেলে মো: রিয়াজ (২০), ৮ নম্বর ওয়ার্ডের মো: কামরুলের ছেলে মো: স্বপন (২২) ও মো: সমিরের ছেলে মো: ফয়েল (১৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিদেশী তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা চার হাজার ৮০০ লিটার পেট্রোল ও দুই হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লাখ ৯১ হাজার টাকা। এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত দু’টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ চারজনকে আটক করা হয়।
জব্দকৃত জ্বালানি তেল ও আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



