হাতিয়ায় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে চলছে ভোটগ্রহণ

কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নারী-পুরুষ সবাই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারায় ভোটাররা স্বস্তি প্রকাশ করেন।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
সুখচর আজহারুল উলুম ফাজিল মাদরাসা কেন্দ্র
সুখচর আজহারুল উলুম ফাজিল মাদরাসা কেন্দ্র |নয়া দিগন্ত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এতে পুরুষ ভোটারদের পাশাপাশি অনেক নারী ভোটারকে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা যায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে একযোগে সব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুখচর আজহারুল উলুম ফাজিল মাদরাসা, ৩ নম্বর ওয়ার্ডের ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয় এবং বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নারী-পুরুষ সবাই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারায় ভোটাররা স্বস্তি প্রকাশ করেন।

হাতিয়া আসন ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ১৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৮ হাজার ৩০৯ জন এবং নারী ভোটার এক লাখ ৬০ হাজার ৮৭৫ জন।

এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ, স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী তানভীর উদ্দিন রাজিব এবং হরিণ প্রতীকের প্রার্থী ফজলুল আজিম।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো বড় ধরনের সমস্যা হয়নি। বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, ঘটনাস্থলে গিয়ে সেগুলোর সত্যতা পাওয়া যাচ্ছে না।’