সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে ক্লোজড করা হয়েছে। তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা ও উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘তাকে ক্লোজড করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো কারণ নেই। তবে দায়িত্বে অবহেলাজনিত কারণে তাকে এয়ারপোর্ট থানার ওসির পদ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।’
জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় (আবাসিক অ্যাপার্টমেন্ট) প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রকাশ্যে দিনে-দুপুরে এই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরেন ওসি মোবাশ্বির।
এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত এক ছিনতাইকারীকে গ্রেফতার নিয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় বিএনপির কয়েক নেতাকর্মীর সাথে ওসি মোবাশ্বিরের দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে জেলা প্রশাসক ও এসএমপি কমিশনার বরাবর অভিযোগ দাখিল করা হয়। সেই ক্ষোভ থেকেই ওসি মোবাশ্বিরকে ক্লোজড করা হতে পারে বলে প্রশাসনের একাধিক সূত্রে জানা গেছে।



