ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা

নাহিদা সাব্বির হোসেনের বাড়িতে ভাড়া থেকে সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করত। সে তার নানীর সাথে বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাট নিয়ে থাকত।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
মৃত নাহিদা আক্তার
মৃত নাহিদা আক্তার |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে ও কপালে আঘাত করে হত্যা করা হয়েছে। এসময় তার সাথে থাকা স্বর্ণের কানের দুল ও গলার লকেট নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের পশ্চিম লাকুরিয়াপাড়ার মো: সাব্বির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদা ধামরাই ওই এলাকার মো: নুর হোসেনের মেয়ে ও ধামরাই সেন্টাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নাহিদা সাব্বির হোসেনের বাড়িতে ভাড়া থেকে সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করত। সে তার নানীর সাথে বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাট নিয়ে থাকত।

নানী দেলোয়ারা বেগম বলেন, ‘নাহিদার মা লিজা বিদেশ থাকায় নাহিদা ও আমি সাব্বির হোসেনের বাড়িতে ভাড়া থাকি। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ঘরে রেখে দুধ আনতে বাইরে যায়। বাসায় আসে দেখি ঘরের দরজা খোলা ও নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। এ সময় আমি চিৎকার করলে আশেপাশের লোকজন দৌড়ে আসে। তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান ও ওসি (তদন্ত) মো: শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি নাজমুল হুদা খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশের গলা কাটা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া যায়। নাহিদার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।’

মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও অপরাধীদের সনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।