চাঁদপুরের মতলব উত্তরে চুরির সময় হাতেনাতে ধরা পড়ে এক যুবক। পরে তাকে নামাজ পড়িয়ে ভবিষ্যতে আর চুরি না করার অঙ্গীকার নিয়ে ছেড়ে দেয়া হয়।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসা মাঠে এ ভিন্নধর্মী ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাদরাসার দানবাক্স ভাঙার সময় তাকে সন্দেহজনক অবস্থায় দেখে আটক করা হয়। যাচাই-বাছাই করে চুরির বিষয়টি নিশ্চিত হন উপস্থিত লোকজন। পরে তাকে অজু করিয়ে নামাজ পড়ানো হয়। আর চুরি না করার অঙ্গীকার করার পর তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি। পরে মারধর না করে মাদরাসার হুজুররা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে অজু করিয়ে নামাজ পড়ান এবং ভালো পথে ফেরার জন্য উপদেশ দেন। সে ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে অঙ্গীকার করে।’
আরেক প্রত্যক্ষদর্শী রোকন সরকার বলেন, ‘ঘটনাটি ভিন্নধর্মী ছিল। সাধারণত এমন ঘটনায় মানুষ উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু এখানে মাদরাসা কর্তৃপক্ষ ধৈর্য ও মানবিকতা দেখিয়েছে। এটি সত্যিই প্রশংসনীয়।’
মাদরাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী বলেন, ‘আমরা মনে করি শাস্তির চেয়ে সংশোধনই বড় বিষয়। তাই তাকে শারীরিক শাস্তি না দিয়ে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করেছি। সে নিজের ভুল স্বীকার করেছে ও আর কখনো চুরি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ জন্য আমরা তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছি।‘
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মাদরাসা কর্তৃপক্ষের এ মানবিক উদ্যোগকে প্রশংসা করছেন এবং এটিকে সমাজে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।



