পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় মুদি দোকান ব্যবসায়ী জুয়েল হোসেনকে (৫০) প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারী মাইনুলকে ঘটনাস্থল থেকে আটক করেছে স্থানীয় জনগণ।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে পুঠিয়া সদরের কাউন্সিল বাজার সংলগ্ন জুয়েলের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল পুঠিয়া বাজারের আনসার আলী খলিফার ছেলে। হত্যাকারী মাইনুল কাউন্সিল বাজার এলাকার কামাল হোসেনের ছেলে।
গোশত ব্যবসায়ী জসীমউদ্দিন জানান, কাউন্সিল বাজার গোশত পট্টি থেকে শুক্রবার সকাল ৬টার দিকে গোশত কিনে জুয়েল তার মুদি দোকানের সামনে গেলে মাইনুল নামের এক চাঁদাবাজ জুয়েলের কাছে চাঁদা দাবি করে। জুয়েল চাঁদা দিতে অস্বীকার করলে মাইনুল তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয় জনগণ মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান এবং হত্যাকারী মাইনুলকে আটক করে। হাসপাতালের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ১০-১২ দিন আগে মাইনুল দলবল নিয়ে জুয়েলের কাছে চাঁদা দাবি করেছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহত জুয়েলের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। হত্যাকারী মাইনুলকে আটক করা হয়েছে।



