খাল খননের কাজে কোনো দুর্নীতির সুযোগ নেই : সরওয়ার নিজাম

খাল খননের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়বে, পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে। এ প্রকল্পে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
খাল খনন কর্মসূচী
খাল খনন কর্মসূচী |নয়া দিগন্ত

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘কৃষি উন্নয়ন নিশ্চিত করতেই খাল খনন প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং এ কাজে কোনো ধরনের দুর্নীতির সুযোগ নেই। সরকার সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়ন করছে।’

রোববার (১০ মে) আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় চাতরী কান্দুরীয়া খাল, শাঙ্গু নদীর সংযোগ খাল আহমদিয়া খাল এবং তজমুল আলী ও প্রতাব বাবুর বাড়ী সংলগ্ন খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরওয়ার নিজাম বলেন, ‘খাল খননের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়বে, পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে। এ প্রকল্পে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।’

তিনি পরৈকোড়া বাংলা খাল খননে স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করার কারণে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘জনগণের অংশ নেয়া ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম সফল হয় না। তাই মাঠপর্যায়ের মানুষকে সম্পৃক্ত করেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিন উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।