গাজীপুরে উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন সভা

গাজীপুর মহানগর বিএনপির গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন সভা
গাজীপুরে উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন সভা |নয়া দিগন্ত

গাজীপুর মহানগর বিএনপির গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নগরভবন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

সভায় নগরীর রাস্তাঘাট উন্নয়ন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিদ্যমান সমস্যা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নগরবাসীর ভোগান্তি দূর করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত জনপ্রতিনিধিরা।

এ সময় সংসদ সদস্যদের পক্ষ থেকে নতুন কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রস্তাবও উপস্থাপন করা হয়।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) কর্তৃক প্রণীত মাস্টারপ্ল্যান অনুযায়ী পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গাউক ও গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়। উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে দুই সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং এ লক্ষে গাউক ও গাসিকের যৌথ সভা আয়োজনের প্রস্তাবও উত্থাপিত হয়।

আলোচনায় এম মঞ্জুরুল করিম রনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিত্যক্ত বিআরটি প্রকল্পের কারণে দীর্ঘদিন ধরে সৃষ্ট জনভোগান্তির বিষয়টি তুলে ধরে এর কার্যকর সমাধানের প্রস্তাব দেন।

সভায় জয়দেবপুর জংশন রেলক্রসিংয়ের যানজট ও দুর্ভোগ নিরসনে ওভারপাস নির্মাণের অগ্রগতি সম্পর্কে জানিয়ে প্রশাসক মো: শওকত হোসেন সরকার বলেন, এ প্রকল্পের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ছাড়া ইতোমধ্যে সংশ্লিষ্ট সব সংস্থার অনাপত্তিপত্র পাওয়া গেছে। রেল মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী ঈদুল আজহার পরপরই টেন্ডার আহ্বান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া ভাওয়াল বন এলাকার পরিবর্তে অন্যত্র বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়েও সভায় আলোচনা হয়।

সভা শেষে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করে নগরবাসীর দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।