সিলেটের জকিগঞ্জ উপজেলার সুপরাকান্দি সীমান্ত এলাকা থেকে প্রায় ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ মার্চ) জকিগঞ্জ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার সুপরাকান্দি সীমান্ত এলাকায় শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় বিজিবি-১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (জকিগঞ্জ) লোহারমহল বিওপির টহল দল।
টহল দল সুপরাকান্দি নামক স্থানে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে। এ সময় প্রাইভেটকারে থাকা ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে প্রাইভেটকার থেকে চার হাজার ৮২৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার, দু’টি মোবাইলফোন ও দু’টি সিম কার্ড জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দকৃত মালমালের আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ৭০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার নয়া দিগন্তকে বলেন, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরো জানান, আসামিসহ জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার, মোবাইলফোন ও সিম কার্ড জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



