সিলেটে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

জুয়েল ও হাবিল বন্ধু ছিলেন। রোববার বেলা ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের দু’জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে মো: হাবিল জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেয় ।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
পরকীয়ার জেরে বন্ধুকে হত্যা
পরকীয়ার জেরে বন্ধুকে হত্যা |প্রতীকী ছবি

সিলেটে পরকীয়ার জেরে মো: জুয়েল (২৬) নামে এক যুবককে খুন করেছেন তারই বন্ধু মো: হাবিল (২৫)। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হাবিলকে আটক করেছে।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর দফতরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা ১০ নম্বর সিধলা ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে। তিনি বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন রায়নগর দফতরিপাড়ার সাকেরের কলোনীর বাসিন্দা।

আটক অভিযুক্ত হাবিল সিলেট মহানগরীর শাহপরাণ (রহ:) থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো: আলীর ছেলে।

পুলিশ জানায়, জুয়েল ও হাবিল বন্ধু ছিলেন। রোববার বেলা ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের দু’জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে মো: হাবিল জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং তার সাথে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে জুয়েলের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে।

পরে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এদিকে অভিযুক্ত হাবিলের দাবি, তার স্ত্রীর সাথে জুয়েলের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে তিনি দু’জনকেই একাধিকবার বুঝিয়েছেন। কিন্তু কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত নিজেই বিচার করার সিদ্ধান্ত নেন। হত্যাকাণ্ডের পরও তার মধ্যে কোনো অনুশোচনা নেই বলে দাবি করেছেন হাবিল।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো: মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মো: হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।