দামুড়হুদায় পারিবারিক বিরোধ রূপ নিলো রণক্ষেত্রে

বাবা-ছেলেসহ আহত ৭, ঘরবাড়ি ও ৩ মোটরসাইকেল ভাঙচুর

জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শুক্রবার দুপুরের পর সেই বিরোধের জেরে বাবা নুর ইসলাম ও ছেলে সাইদুরের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Damurhuda
ভাংচুর করা মোটরসাইকেল
ভাংচুর করা মোটরসাইকেল |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। বাবা-ছেলের বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বাবা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান (৩৩)সহ সাতজন আহত হন। এ সময় ভাঙচুর করা হয় ঘরবাড়ি ও তিনটি মোটরসাইকেল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শুক্রবার দুপুরের পর সেই বিরোধের জেরে বাবা নুর ইসলাম ও ছেলে সাইদুরের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, এ সময় ছেলে সাইদুরের শ্বশুরবাড়ির পক্ষ থেকে চারটি মোটরসাইকেলে করে সাত থেকে আটজন বহিরাগত চাকুলিয়া গ্রামে প্রবেশ করে এবং বাবা নুর ইসলামের ওপর চড়াও হয়।

ঘটনার আকস্মিকতায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চারজনকে পুলিশে সোপর্দ করা হয়। পরে দর্শনা থানা পুলিশ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। দরজা-জানালা ও আসবাবপত্র নষ্ট করা হয়। এতে নারী-শিশুসহ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কলহের জের ধরে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। পরে শ্বশুরপক্ষের লোকজন মোটরসাইকেলে করে এসে পরিস্থিতি আরো উত্তপ্ত করে তোলে। স্থানীয়রা তাদের আটক করে মারধর করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উভয় পক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’