দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ চলমান আন্দোলন নিয়ে এক মতবিনিময় সভায় একত্রিত হয়েছেন।
রোববার (৩ মে) দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
জেলা জামায়াতের আমির আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, খেলাফত মজলিস জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক শামসুল মোক্তাদির, জাগপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সমন্বয়ক সৈয়দ ইমরুল কায়েস রুপম, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আর কোনো শক্তি যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারকে ক্ষমতায় থাকার সুযোগ দেবে না।



